ইতালির এক গবেষণা দল একটি গবেষণার উপর ভিত্তি করে ধারণা করছেন যে, শিশুদের মস্তিষ্ক জন্ম হওয়ার আগে থেকেই মাতৃভাষা সম্পর্কে জ্ঞাত থাকে!
এই গবেষণাটি পরিচালনার জন্য ৩৩ জন সদ্য জন্ম নেওয়া শিশুদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়, যারা ছিলো ফ্রেঞ্চ ভাষাভাষী মায়েদের সন্তান। যখন শিশুদের তাদের মায়েরা একটি বই থেকে কিছু অংশ ইংরেজি এবং কিছু অংশ স্প্যানিশে পড়ে শোনান তখন শিশুদের মস্তিষ্কে শব্দের প্রতি কোন অনুরণন দেখা না গেলেও যখন একই অংশ ফ্রেঞ্চে পড়ে শোনানো হয়, তখন শিশুদের মস্তিষ্কে সাড়া পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। ফলে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌছান যে, শিশুরা জন্মের পরই সেই কথার প্রতি সাড়া দিতে থাকে যেই ভাষা তারা গর্ভাবস্থায় থাকতে শুনেছে। এছাড়াও, বিজ্ঞানীরা আরও দেখতে পেয়েছেন যে, শিশুরা কথা শোনার পর নিজেরাও তাদের অনুভূতি প্রকাশের জন্য মস্তিষ্কের সিগনাল প্রেরণ করে। শিশুদের মস্তিষ্ক গর্ভাবস্থায় শোনা গানও চিহ্নিত করতে পারে বলে অনুমান করছেন গবেষকেরা।
শিশুদের একদম প্রথম অবস্থায় সবকিছু বুঝে উঠার ব্যাপারে চালানো গবেষণা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সাফল্য হলো এই গবেষণা, যা ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য উদঘাটন করবে।
